আশুগঞ্জে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। ইয়াবা বহনের অভিযোগে আরমান (২৬) ও নুরুল ইসলাম (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আশুগঞ্জ থানা-পুলিশ জানায়, মোটরসাইকেলে ইয়াবার চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের একাধিক স্থানে অবস্থান নেয় পুলিশ। রাত আটটার দিকে আরমান ও নুরুল মোটরসাইকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তের টোল প্লাজা এলাকায় আসেন। এ সময় পুলিশ তল্লাশি চালালে ইয়াবার চালান ধরা পড়ে।আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম বলেন, ওই দুই ব্যক্তির হাতে থাকা দুটি বালিশের ভেতরে একটি ব্যাগে ইয়াবা রাখা ছিল। এগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলেও জানান তিনি।