আশুগঞ্জে ৩টি ইউনিটে উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্রিডলাইনে সমস্যা দেখা দেওয়ায় একযোগে তিনটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সকালে বিদ্যুৎকেন্দ্রের ভেতরের গ্রিডলাইনে আগুন ধরে যাওয়ায় এই বিপর্যয় ঘটে। ফলে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও ঢাকার একটি অংশে লোডশেডিংয়ের পরিমাণ কিছুটা বেড়েছে।বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ জানায়, ৭২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রে সকাল পৌনে নয়টার দিকে সুইচ ইয়ার্ডের ৩৩ কেভি গ্রিডলাইনের ওপর একটি কাক বসে। এরপর তারে আগুন ধরে যায়। এতে সঙ্গে সঙ্গে ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-১, ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এসটি ইউনিট ও ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-১-এ উৎপাদন বন্ধ হয়ে যায়।এ ছাড়া মেরামতকাজের জন্য গত ১২ সেপ্টেম্বর থেকে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট ও ১ অক্টোবর থেকে ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। বর্তমানে চালুকৃত ইউনিটগুলো হলো ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ও ৫ নম্বর ইউনিট এবং ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২ ইউনিট। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল খালেক জানান, গ্রিডলাইনে একটি কাক এসে বসার কারণে তারে আগুন ধরে যায়। ওই সমস্যা থেকে তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। ইউনিটগুলো সচল করতে নিজস্ব প্রকৌশলীরা মেরামতকাজ চালিয়ে যাচ্ছেন।