আশুলিয়া আজও অশান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় আজ রোববার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে। শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকার অনেক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। সহকর্মীকে মেরে ফেলার গুজবে গতকাল শনিবার বিক্ষুব্ধ শ্রমিকেরা আশুলিয়ায় অন্তত ৫০টি পোশাক কারখানায় ধ্বংসযজ্ঞ চালায়। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া এলাকা অবরোধ করে যানবাহন ভাঙচুর করে। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ, পথচারী, পোশাকশ্রমিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ সময় বাসের চাপায় এক নারী শ্রমিক মারা যান।বিক্ষুব্ধ শ্রমিকেরা শিল্পাঞ্চল পুলিশের কনস্টেবল মফিজউদ্দিনের মাথা ফাটিয়ে তাঁর শটগান ছিনিয়ে নিয়ে গেছেন। ঘটনার পর আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার তিন শতাধিক কারখানা তাত্ক্ষণিক বন্ধ ঘোষণা করা হয়।আশুলিয়ার বাংলাবাজারে গত বৃহস্পতিবার হা-মীম গ্রুপের পলি প্যাকেজিং নামে একটি প্রতিষ্ঠানের ভান্ডাররক্ষক সোলায়মানের সঙ্গে ওই গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের পরিচালক মোফাখখারুল ইসলামের প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এ ঘটনার পর সোলায়মানকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম বলেন, ৩ মে অপর একটি পোশাক কারখানার কর্মকর্তার দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এক দিনের রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে পাঠানো হয়েছে।হা-মীম গ্রুপের আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের নিরাপত্তাকর্মী আবুল কাশেম প্রথম আলো ডট কমকে বলেন, গতকাল সকাল আটটায় পলি প্যাকেজিং লিমিটেডের শত শত কর্মী কর্মস্থলে আসেন। এ সময় ভান্ডাররক্ষক সোলায়মানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে প্রতিষ্ঠানটি ভাঙচুর শুরু করেন। তাঁরা আর্টিস্টিক ডিজাইনেও ভাঙচুর চালান।সোলায়মানকে ছেড়ে না দেওয়া এবং গতকাল বাসের চাপায় নারী শ্রমিকের নিহত হওয়ার জেরে আজ সকাল থেকে পোশাক কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ গতকাল জানিয়েছেন, গুজবকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের সূত্রপাত। কারাগারে থাকা সোলায়মানকে জামিনের ব্যবস্থা করে শ্রমিকদের সামনে হাজির করা হবে।