আশুলিয়ায় আবার শ্রমিক অসন্তোষ
ঢাকার সাভারের আশুলিয়া থানার আউখপাড়া এলাকার ডাইনেস্টি সোয়েটার নামে একটি পোশাক-কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে আজ সোমবার সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল। সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবিতে তাঁরা বিক্ষোভ করছেন।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গতকাল রোববার কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন দেওয়া হয়। এ সময় সোয়েটারপ্রতি পারিশ্রমিক কম দেওয়ায় শ্রমিকেরা প্রতিবাদ জানিয়ে পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। কর্তৃপক্ষ তাঁদের দাবি পূরণে অসম্মতি জানালে শ্রমিকরা তখন বাড়ি চলে যান। আজ সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে এসে আবার সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নুরুজ্জামান শ্রমিকদের দাবি পূরণে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা তাঁকে মারধর করেন। এরপর শ্রমিকেরা একযোগে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে কয়েক শ বিক্ষুব্ধ শ্রমিক কারখানা থেকে বের হয়ে কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু ভেতরে থাকা শ্রমিকেরা তাঁদের দাবিতে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বলেন, দাবি আদায়ের জন্য শ্রমিকেরা কারখানার ভেতরে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন।