আশুলিয়ায় এক পোশাক কারখানায় বিক্ষোভ, আরেকটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকেরা আজ বুধবার কাজে যোগ দিয়েছেন। তবে কাঠগড়া এলাকায় একটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন। জামগড়ায় একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং আরেকটিতে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল শ্রমিকদের কর্মবিরতির কারণে জামগড়ার গ্রিন লাইফ কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। একই কারণে ওই এলাকার দ্য রোজ নামের আরেকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছুটি ও বন্ধ ঘোষণার নোটিশ পেয়ে শ্রমিকেরা চলে যান। কাঠগড়া এলাকায় ইভার ব্রাইট সোয়েটার কারখানার শ্রমিকেরা আজ সকাল আটটার দিকে কর্মস্থলে এসে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। তাঁদের দাবি, কর্মস্থলে আসার পথে তাঁদের এক সহকর্মীকে স্থানীয় কতিপয় ব্যক্তি ধরে নিয়ে গেছে। সহকর্মীকে উদ্ধার না করা পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবে না বলে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।