ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে এক বছরের জন্য বাড়িভাড়া বাড়ছে না। আজ শনিবার বাংলাদেশ তৈরি পোশাক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের সঙ্গে বাড়ির মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ সূত্র জানায়, আজ বিকেলে আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপের মিলনায়তনে স্থানীয় বাড়ির মালিক ও বিজিএমইএর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে বাড়িভাড়া না বাড়ানোর অনুরোধ করা হলে বাড়ির মালিকেরা আগামী এক বছর বাড়িভাড়া না বাড়ানোর প্রতিশ্রুতি দেন। এ সময় বাড়িভাড়ার সঙ্গে রসিদ দেওয়ারও সিদ্ধান্ত হয়। বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি সালাম মুর্শেদীসহ বিভিন্ন পোশাক কারখানার মালিক এবং শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শাজাহান খানের নেতৃত্বে বিজিএমইএর একটি দল আশুলিয়ার বিভিন্ন কারখানা পরিদর্শন করে শ্রমিকদের সঙ্গে কথা বলে। তাঁরা শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন। এ সময় মন্ত্রী পোশাকশ্রমিকদের বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয় তাঁদের অবহিত করেন।বাড়ির মালিক আশুলিয়ার ঘোষবাগের মজিবর রহমান, চিত্রাশাইলের কফিল উদ্দিন ও জিরাবোর সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘নির্মাণ খরচসহ দফায় দফায় বিদ্যুত্ ও গ্যাসের বিল বেড়ে যায়। এ কারণেই অনেকটা নিরুপায় হয়েই বাড়িভাড়া বাড়াতে হয়। তবে বিজিএমইএর কর্মকর্তাদের অনুরোধ আর শ্রমিকদের বিষয়টি বিবেচনা করে আমরা আগামী এক বছর ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তের বিষয়টি এ অঞ্চলের সব বাড়ির মালিককে জানানো হবে।’সালাম মুর্শেদী বলেন, শ্রমিকদের নানা সমস্যা খতিয়ে দেখতে মন্ত্রী ও সাংসদসহ বিজিএমইএর কর্মকর্তারা আজ আশুলিয়ার বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। এ সময় শ্রমিকদের নানা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। পরে বাড়ির মালিকদের সঙ্গে বৈঠকে আগামী এক বছর বাড়িভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত হয়। তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, বাড়ির মালিকদের সঙ্গে বৈঠকে বাড়িভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশুলিয়ার সব বাড়ির মালিক যাতে এ সিদ্ধান্ত মেনে চলেন, সে বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।