আশুলিয়ায় একটি কারখানায় আগুন, ১০ লাখ টাকার ক্ষতি
আশুলিয়ার বগাবাড়ী এলাকার একটি কারখানায় আজ রোববার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কারখানাটিতে একই সঙ্গে আশরাফ প্লাস্টিক, সাইনেস বাটন ও সিলভার প্যাকেজিং নামের তিনটি আলাদা ইউনিট ছিল। স্থানীয় জনগণ কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।প্রতিষ্ঠানটির পরিচালক মহসিন উদ্দিন খান জানান, কারখানার নিচ তলার দক্ষিণাংশের একটি জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। শত্রুতাবশত কেউ আগুন লাগিয়ে দিতে পারে বলে তিনি অভিযোগ করেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে কারখানার আংশিক পুড়ে গেছে। এতে বোতাম তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহূত প্লাস্টিকের দানা, বোতাম পরিষ্কারের কেমিক্যাল, কার্টনসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, আগুন লাগার কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারখানা তিনটির ফায়ার লাইসেন্স আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।আগুন লাগার পরপরই স্থানীয় কয়েক শ অধিবাসী কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করে। বগাবাড়ী এলাকার বাসিন্দা মো. লিয়াকত আলী বিশ্বাসসহ আরও অনেকে বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের একটি কারখানা থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। তারা অভিযোগ করে, বোতাম ও কার্টন তৈরির আড়ালে কারখানা কর্তৃপক্ষ সেখানে পলিথিনের ব্যাগ তৈরি করে গোপনে বাজারজাত করে। তবে পরিচালক মহসিন উদ্দিন খান এ অভিযোগ অস্বীকার করেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ওই কারখানায় আগুন লাগা ও এলাকাবাসীর বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন।