আশুলিয়ায় ট্রাক খাদে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকায় নবীনগর-কালিয়াকৈর সড়কে গতকাল সোমবার রাতে কাঁচামালবাহী একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে।নিহতেরা হলেন—শাহীন (১৬), মোহাম্মদ আলী (৬০) ও মিলন (৩০)। তাঁদের সবার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ বেলাই গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে কাঁচামালবাহী ওই ট্রাকের ছাদে করে ২০ জন শ্রমিক বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। রাত একটার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ছয়জন ট্রাকের নিচে চাপা পড়ে। তাদের উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনজনের মৃত্যু হয়।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, চালক বেপরোয়া গতিতে চালানোর কারণে ট্রাকটি উল্টে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।