আশুলিয়ায় নাস্তা খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
রাজধানীর অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আজ শনিবার রাতে নাস্তা খেয়ে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রাতে আশুলিয়ার নাসা গ্রুপের নাসা বেসিক লিমিটেডের প্রায় দুই হাজার শ্রমিক রাতের পালার কাজ করছিলেন। রাত সোয়া সাতটার দিকে তাদেরকে কেক, রুটি ও কলা খেতে দেওয়া হয়। ওইসব নাস্তা খাওয়ার ১৫ মিনিটের মধ্যেই কারখানার বিভিন্ন তলার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। চিকিত্সার জন্য তাদেরকে দ্রুত স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র এবং নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানার অসুস্থ শ্রমিক নাসরিন, মুক্তা ও হামিদাসহ আরও অনেকে প্রথম আলো ডটকমকে বলেন, নাস্তা খাওয়ার মিনিট দশেকের মধ্যে তাদের বমি হতে থাকে। এরপর তাঁরা মাথা ঘুরে অচেতন হয়ে পড়েন। নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হারুনুর রশিদ জানান, তাদের হাসপাতালে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৮০ জন শ্রমিক ভর্তি হয়েছেন। এই সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালের চিকিত্সক ডা. সুরোজিত সাহা বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগীদের অবস্থা সংকটাপন্ন নয় বলেও তিনি দাবি করেন। এদিকে নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ওই কারখানার কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে এই প্রতিবেদক মুঠোফোনে কারখানার এক কর্মকর্তাকে বার বার ফোন করলেও তিনি কোনো কথা বলেননি। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল নাস্তা খেয়ে কারখানার শ্রমিকদের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আশুলিয়ায় নাস্তা খেয়ে শ্রমিকদের অসুস্থ হওয়া নতুন নয়। গত সাত ফেব্রুয়ারি ওই থানার বেরন এলাকার একটি কারখানার চার শতাধিক শ্রমিক রাতের নাস্তা খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন।