আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষতি (ভিডিও)
ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকায় আজ বৃহস্পতিবার সকালে আরভা টেক্সটাইল নামের একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। এতে গুদামে থাকা কাপড় ও তৈরি পোশাক পুড়ে গেছে। আগুন লাগার পর কারখানার শ্রমিক ও কর্মকর্তারা নিরাপদে বের হয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে কারখানা কর্তৃপক্ষের ধারণা। ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ বলছে, অন্য কারণেও আগুন লাগতে পারে। তদন্ত না করে বলা যাচ্ছে না।শিল্প পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে কারখানাটির নিচতলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ (ডিইপিজেড) ঢাকার ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর সোয়া ১২টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রোজিনা নাজনীন জানান, ছয়তলা ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় আরভা টেক্সটাইল এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় হাসমত উল্লাহ নিটওয়ার নামের অপর একটি পোশাক কারখানা রয়েছে। ভবনের নিচতলাকে গুদাম হিসেবে ব্যবহার করে আরভা। ওই কর্মকর্তা জানান, সকাল সাড়ে নয়টার দিকে গুদামের পশ্চিম দিক থেকে আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যে ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় স্বয়ংক্রিয় অগ্নিসংকেত (ফায়ার অ্যালার্ম) বেজে উঠলে উভয় কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক ও কর্মকর্তা সিঁড়ি দিয়ে নিচে নেমে যান।কারখানার ব্যবস্থাপক (হিসাব) নাসির উদ্দিন জানান, শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আগুন নেভাতে শুরু করেন। এ সময় আশপাশের বিভিন্ন কারখানা থেকেও শ্রমিকেরা এসে তাঁদের সঙ্গে যোগ দেন। এ কারণে আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।কারখানার বাণিজ্যিক ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, নিচতলার গুদামে অস্থায়ী বৈদ্যুতিক লাইন ছিল। সেখান থেকে আগুন লাগতে পারে। আগুনে অন্তত পাঁচ কোটি টাকার কাপড় ও তৈরি পোশাক পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক মামুন মোল্লাহ সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুতের সরবরাহ বন্ধ ছিল। তাই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো কারণ নেই।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মাহমুদ বলেন, তদন্ত ছাড়া আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা মুশকিল। ক্ষয়ক্ষতির পরিমাণও বলা সম্ভব নয়।শিল্প পুলিশের সহকারী পরিচালক মো. শাহীনুর আলম খান প্রথম আলো ডটকমকে বলেন, ঠিক কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হবে। আগুন লাগার পেছনে নাশকতার কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।