আশুলিয়ায় পোশাক শ্রমিক-মালিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় নাসা বেসিক লিমিটেড নামের পোশাক কারখানায় গতকাল বুধবারের বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার শ্রমিক ও মালিকপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। আর এ সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করলে পুলিশের সঙ্গেও তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন অর্ধশতাধিক ব্যক্তি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় নাসা গ্রুপের নাসা বেসিক নামের পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হন। কিন্তু গতকালের বিক্ষোভের জের ধরে আজ কিছু শ্রমিক ছাঁটাই করা হবে, এমন খবর জানতে পেরে তাঁরা একজোট হয়ে কারখানার ভেতরে ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে মালিকপক্ষের ভাড়াটে লোকজন লাটিসোঁটা নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। পুলিশ খবর পেয়ে নয়টার দিকে কারখানার ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয়পক্ষের ওপর লাঠিচার্জ করে।পরে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। এ সময় বিশৃঙ্খলার আশঙ্কায় ওই কারখানার পাশের ‘জন রন সোয়েটার কারখানা’র কর্তৃপক্ষ কারখানাটিতে আজ ছুটি ঘোষণা করেন। পরে এই দুই কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।শ্রমিকেরা গতকাল কারখানায় গিয়ে কাজে যোগ না দিয়ে তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আনোয়ার হোসেনসহ সাত কর্মকর্তার অপসারণের দাবি জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিকে কোনো গুরুত্ব না দিয়ে তাঁদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে কারখানার ভেতর বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বেলা দুইটার দিকে নাসা বেসিকের শ্রমিকেরা কোনো সিদ্ধান্ত ছাড়াই কারখানা থেকে বাড়ি চলে গিয়েছিলেন।