আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, শতাধিক কারখানা ছুটি (ভিডিও)
হা-মীম গ্রুপের এক পোশাকশ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আজ রোববার সাভারের আশুলিয়ায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিকেরা ২৫-৩০টি যানবাহন ভাঙচুর করেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই সড়কের উভয় পাশের শতাধিক পোশাক কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।গতকাল শনিবার বিকেলে হা-মীম গ্রুপের ২ নম্বর ইউনিটের শৌচাগার থেকে পারুল আক্তার নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এর পর তাঁকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, পারুল আত্মহত্যা করেছেন। তিনি দ্যাটস ইট স্পোটর্স ওয়ের লিমিটেডের চার তলায় কাজ করতেন।শ্রমিকদের অভিযোগ, পারুলের মৃত্যু রহস্যজনক। তাঁরা এই রহস্য উদঘাটন করে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তাঁরা ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় থাকা কারখানাগুলোর শ্রমিকদের যে নিয়মে বেতন দেওয়া হয়, সেই নিয়ম অনুযায়ী তাঁদের বেতন দেওয়ার দাবি জানান।পুলিশ জানায়, এসব দাবিতে হা-মীম গ্রুপের শ্রমিকেরা আজ সকালে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা অন্যান্য কারখানায় গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এর পর ওই কারখানাগুলোর শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ তাঁদের সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশের সঙ্গে বিজিবি ও র্যাবও যোগ দেয়। সংঘর্ষ চলাকালে শ্রমিকেরা জামগড়া শিমুলতলি ইউনিক এলাকায় ২৫-৩০টি যানবাহন ভাঙচুর করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। পরে ওই সড়কের উভয় পাশের শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।আশুলিয়া থানার পরির্দশক (তদন্ত) মোস্তফা কামাল সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, অস্বাভাবিকভাবে মারা যাওয়া পোশাকশ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।