আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ, ২০-২৫ কারখানায় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের জেরে আজ সোমবার সকাল থেকে ফের অশান্ত হয়ে উঠেছেন আশুলিয়ার পোশাকশ্রমিকেরা। একটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মকর্তাদের মারধর করেছেন। এ ঘটনায় ২০-২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আরেকটি কারখানার শ্রমিকেরা কারখানায় হামলা চালাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে আধঘণ্টা আবদুল্লাহপুর বাইপাইল সড়কে যান চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে আশুলিয়ার অধিকাংশ কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে জিরাবো এলাকার আইরিস কারখানার শ্রমিকেরা কারখানায় গিয়ে কর্মকর্তাদের মারধর করে বেরিয়ে আসেন। এ ঘটনার পর ওই এলাকার আরও ২০-২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।পরে অরুনিমা স্পোর্টস কারখানায় হামলা চালান পোশাকশ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ আগে থেকেই শ্রমিকদের হামলা ঠেকাতে বাইরে থেকে লোক নিয়ে এসে কারখানার ভেতরে রাখে। শ্রমিকেরা হামলা চালাতে গেলে এরা শ্রমিকদের ধাওয়া করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এ সময় পুলিশ শ্রমিকদের উদ্দেশ করে জলকামান এবং শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সংঘর্ষের ঘটনার সময় আবদুল্লাহপুর বাইপাইল সড়কে আধঘণ্টা যান চলচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।