আশুলিয়ায় মহাসড়কে যান চলাচল শুরু, সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুলিশের সহায়তায় সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে যান চলাচল শুরু হওয়ার কিছুক্ষণ পর লেগুনার চাপায় এক যুবক মারা যায়। তাঁর নাম রাজু আহমেদ (১৮)। তাঁর বাড়ি যশোরের সদর থানার নূরপুর গ্রামে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, একটি লেগুনা আবদুল্লাপুর থেকে জিরাবো যাওয়ার সময় জামগড়া এলাকায় এলে কয়েকজন যাত্রী নেমে যায়। এ সময় একজন যাত্রী নামতে পারছিল না। অন্য যাত্রীরা তাকে নামাতে যাওয়ার সময় আশপাশে গুলির শব্দে ভয় পেয়ে চালক লেগুনা চালাতে গেলে এর চাপায় রাজু আহমেদ নামের একজন যাত্রী মারা যান। সরকার-ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সাভারের আশুলিয়ার কাঠগড়ায় আজ রোববার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় আটটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন। আজ সকালে কাজে যোগ দিয়ে তাঁরা কারখানার ভেতরেই এ বিক্ষোভ শুরু করেন।নতুন বেতন কাঠামো বাতিল করে ন্যূনতম পাঁচ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় গতকালও বিক্ষোভ করেন হাজার হাজার পোশাকশ্রমিক। একই দাবিতে একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ সকাল আটটায় মজুরি কাঠামোর প্রতিবাদে কাজ ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন এ এলাকার পোশাকশ্রমিকেরা। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। উত্তেজিত শ্রমিকেরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে আশপাশের শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছুটির পর এসব কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। সংঘর্ষে কারণে আবদুল্লাপুর-আশুলিয়া ও বিশমাইল-জিরাবো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, পুলিশ মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিকেরা আশপাশের অলিগলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।