আশুলিয়ায় মালিকপক্ষের আশ্বাসে পোশাকশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকপক্ষের সঙ্গে সমঝোতা হওয়ায় আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার ন্যাচারাল ডেনিম নামক পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। ঈদে বেতনের সঙ্গে পূর্ণ বোনাস ও টিফিন ভাতা বৃদ্ধির দাবিতে আজ বুধবার চার ঘণ্টা কর্মবিরতি পালন করেন তাঁরা। পরে দুপুর ১২টার দিকে কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ওই কারখানায় শ্রমিকদের অর্ধেক বোনাস দেওয়া হয়। আজ সকাল আটটা থেকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেতনের সঙ্গে পূর্ণ বোনাস, টিফিন ভাতা ও ছুটি বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরে মালিকপক্ষ বেতন, বোনাস ও ছুটি আংশিক বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন। কর্মবিরতি চলাকালে সব ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কারখানার বাইরে প্রচুর র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছিল।