আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, কারখানায় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তাজরীন ফ্যাশনস লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ রোববার আশুলিয়ার পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর জের ধরে অধিকাংশ পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। ক্ষুব্ধ শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন এলাকা অবরোধ করে মিছিল করছেন। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, তাজরীন ফ্যাশনসের শ্রমিকদের বেতনের দাবিতে আশুলিয়ার জিরাব এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন। এ খবর ছড়িয়ে পড়লে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন এলাকায় অবরোধ সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ তুলে নিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানায় পুলিশ। তবে সে আহ্বানে সাড়া না দিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করতে থাকেন। তাঁরা জামগড়া এলাকায় টায়ারে আগুন ধরিয়ে দিয়েছেন এবং গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া করেন এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। তাজরীন ফ্যাশনসের শ্রমিকেরা নিশ্চিন্তপুর এলাকাতেই আছেন। তাঁরা জানান, তাজরীন ফ্যাশনসের বিভিন্ন তলার বিভিন্ন লাইন থেকে তিনজন করে মোট ৬৬ জন শ্রমিককে বিজিএমইএ কার্যালয়ে নিয়ে আলোচনা করার কথা। এ জন্য শ্রমিকেরা সকাল থেকেই নিশ্চিন্তপুর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অপেক্ষা করছেন। কিন্তু এখনো শ্রমিকদের নেওয়ার জন্য গাড়ি না পাঠানোয় উত্তেজনা দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, বিজিএমইএ মালিকপক্ষের হয়ে নানা আশ্বাস দিয়ে তাঁদের প্রতারিত করছে। চার মাসের বকেয়া বেতন না দিলে সবাইকে নিয়ে লাগাতার আন্দোলনের হুমকি দেন তাঁরা।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলো ডটকমকে শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।