আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ-অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডে শতাধিক পোশাককর্মী নিহত হওয়ার জের ধরে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় আজ বুধবার সকাল থেকে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা তখন আবদুল্লাপুর-বাইপাইল সড়কের জামগড়া, জিরাবোসহ বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ ও মিছিল করছেন।এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের বিক্ষিপ্তভাবে ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। ক্ষুব্ধ শ্রমিকেরা কাঠগড়া এলাকায় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগও করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সরকারঘোষিত শোক দিবস ও ছুটি শেষে আজ সকাল আটটার দিকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। এরপর সকাল ১০টার দিকে কিছু কারখানার শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে মিছিল করতে থাকেন। মিছিল থেকে ক্ষুব্ধ শ্রমিকেরা গত শনিবার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনার জন্য কারখানার মালিকের ফাঁসি দাবি করেন। বিভিন্ন কারখানায় বারবার অগ্নিকাণ্ডের কারণ বের করার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থারও দাবি জানান তাঁরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা অন্যান্য কারখানায় গিয়ে ইটপাটকেল ছুড়তে থাকেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে একে একে আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।পুলিশ জানায়, শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আবদুল্লাপুর-বাইপাইল সড়কের জামগড়া ও জিরাবো এলাকাসহ বিভিন্ন অলিগলিতে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করছেন। পুলিশকে লক্ষ্য করেও তাঁরা পাটকেল ছুড়ছেন। পুলিশ বাধা দিতে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ক্ষুব্ধ শ্রমিকদের দাবি, তাজরীনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬০০ শ্রমিক মারা গেছেন। অথচ সরকার বলছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জনের মৃত্যু হয়েছে। এখনো অনেক কর্মী নিখোঁজ আছেন দাবি করে শ্রমিকেরা তাঁদের লাশ ফেরত দেওয়ার দাবি জানান।ফায়ার সার্ভিস জানায়, কাঠগড়া এলাকায় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম শ্রমিক অসন্তোষের বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।গত শনিবার আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ জন মারা গেছে। এর মধ্যে আগুনে দগ্ধ হয়ে ১০১ জন ও লাফিয়ে পড়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।