আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত
সাভারের আশুলিয়া থানার ঘোষবাগ এলাকায় আজ সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তাঁদের সঙ্গে থাকা আরও দুজন। একটি ট্রাকের সঙ্গে ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন শুকুর আলী (৩৮) ও জুলহাস (৪০)। তাঁদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জের দেবারুপাড়া গ্রামে। নিহত দুজনের আরেক ভাই নজরুল (৩৫) এবং তাঁদের আত্মীয় মোস্তফা এ দুর্ঘটনায় আহত হয়েছেন। পুলিশ জানায়, জুলহাস গত পাঁচ বছর ধরে কুয়েতে ছিলেন। আজ ভোরে তিনি দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাঁকে আনতে যায় দুই ভাই শুকুর ও নজরুল এবং তাঁদের আত্মীয় মোস্তফা। তাঁদের বহনকারী ব্যক্তিগত গাড়িটি সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শুকুর ও জুলহাস ঘটনাস্থলেই মারা যান। আহত নজরুল ও মোস্তফাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।