আশুলিয়ায় ৫০০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত ২
ঢাকার অদূরে আশুলিয়ার তৈয়বপুর গ্রামের আশুতোষ চন্দ্র দাসের বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা ৫০০ ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলে আশুতোষের পরিবার দাবি করছে। তবে পুলিশ বলছে, লুটে নেওয়া স্বর্ণালংকারের পরিমাণ আরও কম হবে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল আশুতোষের বাড়িতে হানা দেয়। এ সময় তারা গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর ডাকাতেরা আলমারি থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতদের বাধা দিলে তাদের রডের আঘাতে আশুতোষ ও তাঁর স্ত্রী বীথিকা দাস গুরুতর আহত হন। আশুতোষের ভগ্নিপতি রমেশ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, আশুতোষ আশুলিয়ার জিরাব বাজারের রমা জুয়েলার্সের মালিক। তিনি সুদের ব্যবসা করেন। লুটে নেওয়া অলংকারগুলো বিভিন্ন মানুষের, যারা এগুলো বন্দক রেখে আশুতোষের কাছ থেকে সুদে টাকা নিত। তিনি দাবি করেন, ডাকাতেরা ৫০০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে লুট হওয়া স্বর্ণের পরিমাণ আরও কম হবে বলে তিনি মন্তব্য করেন।