আশুলিয়ার ওই পোশাক কারখানায় ছুটি ঘোষণা
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার দ্য রোজ ড্রেসেস নামের পোশাক কারখানাটিতে আজ শনিবার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাতে নাশতা খেয়ে ওই কারখানার ৯০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আজ এ ছুটি ঘোষণা করা হয়। প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।ওই কারখানার মালিক বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।গতকাল আশুলিয়া থানা, হাসপাতাল কর্তৃপক্ষসহ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্য রোজ ড্রেসেস নামের ওই কারখানার কয়েক শ শ্রমিক দিনের কাজ শেষে গতকাল রাতে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে আটটার দিকে তাঁদের কলা, কেক ও ডিম খেতে দেওয়া হয়। সেগুলো খাওয়ার আধা ঘণ্টার মধ্যে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতালের সহকারী ব্যবস্থাপক হারুন-অর-রশিদ জানান, অন্তত ৯০ জন শ্রমিক তাঁর হাসপাতালে ভর্তি হন, যাঁদের সবাই খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়েছেন। গতকাল প্রাথমিক চিকিত্সা শেষে শ্রমিকেরা বাড়ি ফিরে গেছেন।কারখানার মালিক আতিকুল ইসলাম বলেন, নাশতা খাওয়ার পর কেন শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লেন, তা খতিয়ে দেখা হবে।