আশুলিয়ার তিনটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার অধিকাংশ কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার কাজে যোগ দিলেও তিনটি কারাখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। একটি কারখানার শ্রমিকেরা পরে কাজে যোগ দিলেও বাকি দুই কারখানার শ্রমিকেরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, জামগড়ার গ্রিন লাইফ পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকাল আটটার দিকে কাজে যোগ দেন। কিন্তু সাড়ে নয়টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করে কারখানা থেকে বের হয়ে যান। এ সময় তাঁরা আবদুল্লাহপুর বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। একই এলাকার দ্য রোজ নামের আরেকটি কারখানার শ্রমিকেরা সকাল আটটা থেকে কর্মবিরতি পালন করলেও দুপুর ১২টার দিকে কাজে যোগ দেন। ওই এলাকার ডিজাইন জিনস কারখানার শ্রমিকেরা সকাল থেকে কর্মবিরতি পালন করছেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।