আশুলিয়ার পোশাক কারখানাগুলো খুলছে শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার সব পোশাক কারখানা আগামী শনিবার খোলা হচ্ছে। আজ বুধবার বিকেলে পোশাক কারখানার মালিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে কারখানা বন্ধ রাখার প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশ থেকে তাঁরা অনতিবিলম্বে কারখানা খুলে দেওয়ার পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান। উদ্ভূত পরিস্থিতিতে শতাধিক পোশাক কারখানার মালিক আজ বিকেলে আশুলিয়ার শারমিন গ্রুপের মিলনায়তনে জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, বিজিএমইএ ও শিল্প পুলিশের কর্মকর্তারাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী প্রথম আলো ডটকমকে জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্থানীয় সাংসদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সহায়তার আশ্বাস দিয়েছেন। কাল (বৃহস্পতিবার) বিজিএমইএ ও শ্রম মন্ত্রলায়ে বৈঠক শেষে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, বৈঠকে আগামী শনিবার কারখানা খুলে দেওয়া হবে বলে মালিকেরা তাঁকে আশ্বস্ত করেছেন। এদিকে, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আজ বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শ্রমিকেরা অনতিবিলম্বে কারখানা খুলে দেওয়ার পাশাপাশি শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেওয়ার দাবি জানান।শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তৈরি পোশাকশিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) গত সোমবার আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়। গতকাল মঙ্গলবার থেকে সব কারখানা বন্ধ রাখার কথা থাকলেও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের উভয় পাশের দেড় শতাধিক কারখানা ছাড়া সব কারখানাই খোলা ছিল। আজও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ (ডিইপিজেড) আশুলিয়ার পল্লী বিদ্যুৎ, পলাশবাড়ি, বাইপাইল, জিরানী, শ্রীপুর ও কবিরপুর এবং জিরাবো-বিশমাইল সড়কের উভয় পাশের প্রায় সব কারখানা খোলা দেখা গেছে।