আশুলিয়ার পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়ার কবিরপুর এলাকায় মানামি ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার গুদামে গতকাল সোমবার দিবাগত রাতে আগুন লাগে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে যাচ্ছে। কারখানা বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কারখানার নিরাপত্তাবিষয়ক সুপারভাইজার ও ঘটনার প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম জানান, ওই কারখানায় ৭৫০ জন কর্মী কাজ করেন। গতকাল রাত একটা পর্যন্ত কারখানায় কাজ চলে। রাত আড়াইটার দিকে কারখানার চতুর্থ তলার পেছন দিকে ধোঁয়া দেখতে পান তিনি। আধা ঘণ্টার মধ্যে আগুন পুরো চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হলে তিনটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও সাতটি ইউনিট। বর্তমানে সাভার, টঙ্গী, তেজগাঁও ডিইপিজেড, ধামরাই, কালিয়াকৈর ও ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে নয়টি ইউনিট কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ছয়জন কর্মী আহত হন।কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাহসীন খান দাবি করেন, কারখানার চতুর্থ তলায় (গুদামে) বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। তাই আগুন লাগার কারণ রহস্যজনক। তাহসীন জানান, আড়াই বছর আগে দ্বিতল ভবনে কারখানাটি চালু হয়। পাঁচ মাস আগে এটি চারতলা করা হয়। ফায়ার সার্ভিসের ভাষ্য, স্থায়ী কোনো বিদ্যুতের সংযোগ না থাকলেও গুদামে বিদ্যুত্ ব্যবহারের আলামত পাওয়া গেছে। গুদামে কাপড় ছিল। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।