আশুলিয়ার সব কারখানা খুলেছে, পরিস্থিতি শান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সাভারের আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা আবার খুলেছে।যথা সময়ে শ্রমিকেরা তাঁদের নিজ নিজ কারখানায় হাজির হয়ে কাজ শুরু করেছেন। বেশ কয়েক দিন কারখানা বন্ধ থাকায় অনেক শ্রমিক বাড়ি চলে যাওয়ায় আজ কারখানায় শ্রমিকদের উপস্থিতি কিছুটা কম।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার প্রায় প্রতিটি পোশাক কারখানার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আশুলিয়ার শিল্পাঞ্চলে টহল দিচ্ছে পুলিশ।আশুলিয়া শিল্পপুলিশের পরিদর্শক মোখলেসুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘পরিস্থিতি আজ পুরোপুরি শান্ত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশুলিয়ায় অবস্থানরত সব শ্রমিক কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।’বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে ১১ জুন থেকে সংঘর্ষ চলার পর গত শনিবার আশুলিয়ার সব কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ ও বিকেএমইএ। এতে আশুলিয়ার ৩৫০টি পোশাক কারখানা বন্ধ হয়ে যায়।গতকাল বুধবার বিকেলে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকের পর শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা কারখানা খুলে দিতে সম্মত হন।সচিবালয়ে এই বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার থেকে সব কারখানা খোলা থাকবে। আমি মালিকদের কারখানা খোলা ও শ্রমিক ভাইবোনদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’আশুলিয়া এলাকায় বিরাজমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য মালিকপক্ষের প্রতি তিনি অনুরোধ জানান।সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের বাসস্থান ও যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা আছে। বছরে তিন থেকে চারবার বাড়িভাড়া বাড়ানো গ্রহণযোগ্য নয়। এসব সমস্যা সমাধানে সরকারি পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী রেশন-ব্যবস্থার (স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ) নির্দেশনা দিয়েছেন। প্রাথমিকভাবে শিগগিরই কম মূল্যে চাল এবং পরবর্তী পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। বাড়িভাড়া নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগ করা হবে।শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের পক্ষ থেকে শ্রম মন্ত্রণালয়ে যথাযথভাবে কোনো দাবি-দাওয়া পাওয়া যায়নি। যদি কোনো যৌক্তিক দাবি-দাওয়া পাওয়া যায়, তবে সেটি আলোচনার মাধ্যমে সমাধানে সরকার আন্তরিক। তিনি বলেন, যাঁরা ধ্বংসাত্মক কার্যকলাপে অংশ নেবেন, তাঁদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। তবে এর মধ্যে যেসব শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, সেগুলো শিগগিরই প্রত্যাহারের ব্যবস্থা করা হবে।এর আগে গতকাল সকালে পোশাকশ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। শ্রম ভবনে চার ঘণ্টা ধরে ওই বৈঠক চলে। বৈঠকে শ্রমিক নেতারা আশুলিয়া এলাকার সব কারখানা খুলে দেওয়া, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।