শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ, শ্রমিকেরা বেতন পাবেন না
আশুলিয়ার সব পোশাক কারখানা কাল থেকে বন্ধ
আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আশুলিয়া ও মিরপুরে শ্রমিক বিক্ষোভের পর নিরাপত্তার কারণ দেখিয়ে পোশাকমালিকদের দুই সমিতি—বিজিএমইএ ও বিকেএমইএ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। আজ সোমবার সন্ধ্যায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, ‘শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হচ্ছে। এ জন্য শ্রমিকেরা কোনো বেতন পাবেন না।’বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম জানান, আজ থেকে কোনো এলাকায় গণ্ডগোল হলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। আতিকুল ইসলাম অভিযোগ করে আরও বলেন, ‘রানা প্লাজার ঘটনার পর থেকে আশুলিয়ার ৮০ থেকে ৯০ শতাংশ মালিক কারখানা খুলতে পারছেন না। শ্রমিকেরা কারখানায় গিয়ে কার্ড পাঞ্চ করছেন, কিন্তু কাজ করছেন না।’ তিনি বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আর পারছি না। কোটি কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে মালিকেরা কারখানা করেছেন। এখন উত্পাদন না হলে আমরা বেতন দেব কীভাবে। ব্যাংক তো আর ঋণ দেবে না।’ তিনি বলেন, মালিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় তাঁরা কারখানা চালাতে অপারগতা প্রকাশ করেছেন। আতিকুল ইসলাম দাবি করেন, ‘তাজরীন ও স্মার্টের অগ্নিকাণ্ডের পর বিজিএমইএ নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কাজ করেছে। রানা প্লাজার ঘটনায়ও আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করছি। আমরা নিজেরাই শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি। সেই ধারাবাহিকতায় মজুরি বোর্ড গঠিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শ্রমিকেরা শ্রম আইনবহির্ভূত দাবিদাওয়া তুলছেন। মিরপুরে আজ তাঁরা বিশৃঙ্খলা করেছেন। এ কারণে অনেক কারখানা বন্ধ ছিল।’ তবে এই বিশৃঙ্খলার জন্য বরাবরের মতোই একটি স্বার্থান্বেষী মহলকে দায়ী করেন সভাপতি। তিনি পোশাকশ্রমিকদের উদ্দেশে বলেন, ‘সুশৃঙ্খল শ্রমিক হিসেবে আপনাদের সুনাম আছে। কিন্তু আপনাদের সরলতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী এই কাজ করছে। এদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।’বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, ‘কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার দুয়ার খোলা থাকবে। এটি চিরস্থায়ী বন্ধ নয়। সাময়িক বন্ধ। পরিস্থিতি অনুকূলে এলেই আমরা কারখানা খুলে দেব।’ শ্রমিক প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানে এগিয়ে আসবেন বলেও মনে করেন তিনি। সেলিম ওসমান আরও বলেন, গুটি কয়েক শ্রমিক এই বিশৃঙ্খলা করছেন। তাঁরাই অন্য শ্রমিকদের কাজে যেতে দিচ্ছেন না। ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জানতে চাইলে বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী জানান, আশুলিয়া এলাকায় ছোট-বড় প্রায় ৩০০ পোশাক কারখানা আছে। সারা দেশের মোট তৈরি পোশাকের ২০ শতাংশ উত্পাদন হয় এই এলাকায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর বর্তমান সহসভাপতি এস এম মান্নানসহ আশুলিয়া ও মিরপুর এলাকার পোশাক কারখানার বেশ কয়েকজন মালিক। সংবাদ সম্মেলনের আগে আশুলিয়া এলাকার বেশ কয়েকজন পোশাকমালিকের সঙ্গে বিজিএমইএর নেতারা দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই বৈঠকেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রম আইন ২০০৬ সালের ১৩(১) ধারায় বলা আছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বে-আইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন, এবং এই বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।