আশুলিয়া থেকে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার জিরাবো ও নবীনগর থেকে পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে। এদের একজনকে শ্বাস রোধ করে এবং অপরজনকে ছুরিকাঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।আজ বৃহস্পতিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবুল কাশেম (৪০)। তিনি বাংলাদেশ বিমানের কার্গোর সহকারী। তাঁর বাড়ি চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার দিগদাইর গ্রামে। অপরজন ৩৫ বছরের যুবক। আশুলিয়া থানা-পুলিশ জানায়, পুলিশ জিরাবো এলাকার আমান স্টিল মিলের কাছ থেকে আবুল কাশেমের লাশ উদ্ধার করে। তাঁর কাছে বাংলাদেশ বিমানের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। ওই পরিচয়পত্রে তাঁর পদবি বিমানের কার্গো হেলপার বলে উল্লেখ রয়েছে।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন শাহ পারভেজ জানান, আবুল কাশেমের গলার নিচে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর গলায় রশির আঘাতও রয়েছে। এসব নমুনা থেকে ধারণা করা হচ্ছে, তাঁকে আঘাতের পর শ্বাস রোধ করে হত্যা করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, আজ বেলা ১১টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জালালাবাদ হাউজিংয়ের পাশ থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে লাশটির পাশে একটি প্যাথিড্রিনের অ্যাম্পুল ও একটি সিরিঞ্জ পাওয়া গেছে।