পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ঢাকার অদূরে সাভারের আশুলিয়া এলাকা আজ শনিবার রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষ চলাকালে গাড়িচাপা পড়ে এক পোশাকশ্রমিক নিহত হন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ক্ষুব্ধ শ্রমিকেরা অর্ধশতাধিক কারখানা ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা অগ্নিসংযোগও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবারের গুলি ছোড়ে। পোশাকশ্রমিকেরাও এ সময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়লে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ঘটনার সূত্রপাত: আশুলিয়ার বাংলাবাজারে হা-মীম গ্রুপের পলি প্যাকেজিং নামে একটি প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের ভান্ডাররক্ষক সালমানকে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা মারধর করে পুলিশে দেন বলে জানা গেছে। বর্তমানে সালমান পুলিশ হেফাজতে আছেন। তবে মারধরের কারণে সালমান মারা গেছেন—এমন খবরের ভিত্তিতে আজ সকাল আটটার দিকে কাজে এসে পলি প্যাকেজিংয়ের শ্রমিকেরা ভাঙচুর শুরু করেন। শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর-অগ্নিসংযোগ: এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা হা-মীম গ্রুপের বাংলাবাজারে থাকা আরেকটি প্রতিষ্ঠান এবং নরসিংহপুরের আরও চার থেকে পাঁচটি কারখানায় কমপক্ষে ১২টি কাভার্ড ভ্যান ভাঙচুর করেন। একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন। শ্রমিকেরা এসব কারখানার কাচ ভাঙচুর করেন। এরপর তাঁরা বাইরে বেরিয়ে এসে অর্ধশতাধিক কারখানা ভাঙচুর করেন। তাঁদের সঙ্গে যোগ দেন আশপাশের কারখানার পোশাক শ্রমিকেরাও। পুলিশ-শ্রমিক সংঘর্ষ: বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ তত্পর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছোড়ে। এ সময় অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ সময় পোশাকশ্রমিকেরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। দফায় দফায় চলে এই সংঘর্ষ। এতে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়। গাড়িচাপায় পোশাকশ্রমিকের মৃত্যু: সংঘর্ষ চলাকালে গাড়িচাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন বলে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। তবে তাত্ক্ষণিক তাঁর নাম জানা যায়নি।শ্রমিকদের দাবি, পুলিশের গাড়ির চাপায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে পুলিশ কোনো মন্তব্য করেনি।চার ঘণ্টা যান চলাচল বন্ধ: সংঘর্ষ ছড়িয়ে পড়লে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পরে সাড়ে ১২টার দিক থেকে যান চলাচল স্বাভাবিক হয়।৩৫০ কারখানা বন্ধ ঘোষণা: বড় ধরনের শ্রমিক অসন্তোষ এড়াতে আশুলিয়ার অন্তত সাড়ে ৩০০ কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়।পুলিশের বক্তব্য: সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, হা-মীম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের এক শ্রমিক মারা গেছেন—এমন গুজবে প্রথমে ওই কারখানার শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে আশপাশের কারখানার শ্রমিকেরাও এতে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, জল কামান ও রাবার বুলেট ছোড়ে। তবে সংঘর্ষে কতজন আহত হয়েছে এ ব্যাপারে তিনি কিছু বলেননি।