আশুলিয়া রণক্ষেত্র, এসপিসহ আহত দেড় শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে আজ শনিবার সকাল থেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠে আশুলিয়ার পোশাকশ্রমিকেরা। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আশুলিয়া রণক্ষেত্রে পরিণত হয় । সংঘর্ষে আহত হন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) ইকবাল বাহারসহ দেড় শতাধিক ব্যক্তি। শ্রমিকেরা ওই এলাকার কয়েকটি কারখানা, পুলিশের সাতটি গাড়িসহ অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে। আবদুল্লাহপুর বাইপাইল সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ থাকে। বেলা দুইটা থেকে এ সড়কে যান চলাচল শুরু হয়েছে।প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ জানায়, ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে আজ সকাল আটটার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকার তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা এলাকায় অবস্থান নেন। এ পরিস্থিতিতে মালিকেরা আশুলিয়ার সব পোশাক কারখানায় আজ ছুটি ঘোষণার নোটিশ জারি করেন। কারখানা ছুটি ঘোষণার পর অনেক শ্রমিক বাসায় চলে গেলেও কিছু বিক্ষুব্ধ শ্রমিক আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে অন্য শ্রমিকেরা বিক্ষোভে যোগ দেন। পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরাতে জলকামান ব্যবহার ও লাঠিপেটা করে। শ্রমিকেরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) ইকবাল বাহার, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামসহ অর্ধশতাধিক পুলিশ এবং অন্তত ১০০ শ্রমিক আহত হন। শ্রমিকেরা পুলিশের সাতটি গাড়িসহ অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা এনভয় গ্রুপ, শেখ ফ্যাশন লিমিটেডসহ বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর চালান। শ্রমিকেরা বেলা ১১টা থেকে একটা পর্যন্ত আবদুল্লাহপুর বাইপাইল সড়ক অবরোধ করে রাখেন। বেলা সোয়া একটার দিকে পুলিশ শ্রমিকদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর দুইটা থেকে এ সড়কে যান চলাচল শুরু হয়।