আশুলিয়া রণক্ষেত্র, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে আজ মঙ্গলবার সকালেই উত্তেজিত হয়ে ওঠেন আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাককারখানার হাজার হাজার শ্রমিক। তাঁরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক-পুলিশ আহত হয়েছেন।পরে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকেরা জানান, কয়েক দিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জের ধরে গতকাল গভীর রাতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ওই অঞ্চলের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। আজ সকালে শ্রমিকেরা কাজে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন। হাজার হাজার শ্রমিক একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ৮-১০টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। চলে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ। হাজার হাজার শ্রমিক আর হাজার হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতিতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিক্ষোভকারীরা সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক এবং নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করলেও বেলা ১১টার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। প্রসঙ্গত, ন্যূনতম বেতন পাঁচ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরেই আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ এবং পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনা ঘটছিল। এ পরিস্থিতিতে গতকাল সোমবার রাতে বিজিএমইএর মহাসচিব এম ফসিহুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশুলিয়ার সব পোশাককারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়।