আশুলিয়া শিল্পাঞ্চল রণক্ষেত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় গতকাল শনিবার শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দফায় দফায় সংঘর্ষ চলাকালে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। সংঘর্ষে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকসহ শতাধিক শ্রমিক আহত হন। এঁদের মধ্যে দুই শ্রমিক গুলিবিদ্ধ হন।আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তার বিরুদ্ধে একজন নারীশ্রমিকের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে এবং ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা যোগ দেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। ভাঙচুর চালান অর্ধশত কারখানায়। বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকার শতাধিক কারখানা তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয়। সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় নবীনগর-কালিয়াকৈর ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক-পুলিশ সংঘর্ষ এবং কারখানা ভাঙচুর ও ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আবুল হোসেন (২৩) ও মো. রতন মিয়া নামের দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে। দফায় দফায় সংঘর্ষ: আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নাসা বেসিক লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক আরিফ বিল্লা, মানিক, ইয়াসিন, টিপুসহ অর্ধশতাধিক শ্রমিক অভিযোগ করেন, গত শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানার উৎপাদন ব্যবস্থাপক শফিকুল ইসলাম এক নারীশ্রমিককে মারধর করেন। গতকাল সকালে কর্মস্থলে গিয়ে শ্রমিকেরা ওই ঘটনার প্রতিবাদে ওই কর্মকর্তার অপসারণ এবং ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকেরা সকাল সাড়ে আটটার দিকে কারখানার সামনে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা যোগ দেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, নাসা বেসিকসহ আরও কয়েকটি কারখানার কয়েক হাজার বিক্ষুব্ধ শ্রমিক সকাল ১০টার দিকে নরসিংহপুর এলাকায় গিয়ে হা-মীম ও শারমীন গ্রুপের কারখানায় হামলা করে ছয়টি যানবাহনসহ ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখানে পুলিশ শ্রমিকদের ধাওয়া করলে আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিশৃঙ্খলা এড়াতে নিশ্চিন্তপুর, নরসিংহপুর, জামগড়া, ইউনিক, শিমুলতলী ও ঘোষবাগসহ বিভিন্ন এলাকার শতাধিক কারখানা ছুটি ঘোষণা করলে এসব কারখানার হাজার হাজার শ্রমিক আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে বিক্ষোভে যোগ দেন। পুলিশ শ্রমিকদের ধাওয়া করলে গোটা আশুলিয়ার শিল্পাঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেলা পৌনে ১১টার দিকে শ্রমিকেরা জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বেলা সোয়া ১১টার দিকে ইউনিক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের বাধার মুখে শ্রমিকেরা পিছু হটে বাইপাইল এলাকায় গিয়ে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলে। কারখানা ভাঙচুর ও ছুটি: শ্রমিক-পুলিশ সংঘর্ষ ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ নিশ্চিন্তপুর, নরসিংহপুর, জামগড়া, ইউনিক, শিমুলতলী ও ঘোষবাগসহ বিভিন্ন এলাকার হা-মীম গ্রুপ, শারমীন গ্রুপ, অনন্ত, সোনিয়া, ইয়ং অ্যাপারেলস, কাট অ্যান্ড কাট, হুয়াইট ফ্যাশান, স্টারলিং, প্রভা, জেলিয়ন সোয়েটার, টিএসএস গার্মেন্টস, হলিউড ফ্যাশন, নুরুন্নাহার, মেডলার, এনভয় ডিজাইন, এনভয় ফ্যাশন, মান্তা অ্যাপারেলস, এ এম ডিজাইন, স্কেন্ডেক্স ও সেতারা গ্রুপসহ শতাধিক পোশাক কারখানা তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা হা-মীম গ্রুপ, শারমীন গ্রুপ, অনন্ত, সোনিয়া, ইয়ং অ্যাপারেলস, কাট অ্যান্ড কাট, হুয়াইট ফ্যাশন, স্টারলিং, প্রভা, জেলিয়ন সোয়েটার, টিএসএস গার্মেন্টস, হলিউড ফ্যাশন, নুরুন্নাহারসহ অর্ধশত কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার বাইরে থেকেই ইটপাটকেল নিক্ষেপ করেন বলে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা জানান। সাংবাদিক ও পুলিশসহ আহত শতাধিক: আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, সংঘর্ষ চলাকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন, আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম, এসআই শাজাহান মিয়া, হাবিলদার মিজানুর রহমান, নায়েক আমিনুল, কনস্টেবল সাহারিয়া, আবদুল কুদ্দুস, মাহাবুব, হেদায়েত, মর্তুজা, মাহামুদুল, মাসুমসহ ২০ পুলিশ আহত হন। এঁদের মধ্যে শাজাহান মিয়া, মিজানুর রহমান, আমিনুল, সাহারিয়া, আবদুল কুদ্দুস, মাহাবুব, হেদায়েত, মর্তুজা, মাহামুদুল ও মাসুমকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও যায়যায়দিন পত্রিকার সাভার সংবাদদাতা এবং প্রায় ১০০ শ্রমিক আহত হয়েছেন।গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানান, সংঘর্ষে খায়রুল আমিন ও আনিসুর রহমান নামের দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। খায়রুল হা-মীম গ্রুপের এবং আনিসুর নাসা বেসিকের শ্রমিক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।