বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া থানার ডেবনয়ার নামের একটি পোশাক কারখানা। নিশ্চিন্তপুরের পাশের এলাকা গোরাটের ওই কারখানায় আগুন ধরিয়েছিলেন কারখানারই এক নারী শ্রমিক। তাত্ক্ষণিকভাবে দেখে ফেলায় অন্য শ্রমিকেরা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় সুমি আক্তার নামে ওই নারী শ্রমিক ও জাকির হোসেন নামে তাঁর এক সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) নীরব বড়ুয়া বলেন, আগুন ধরানোর ঘটনায় তিনি গতকাল রাতেই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি ১২ লাখ টাকা ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন। আশুলিয়া থানা পুলিশ জানায়, গতকাল রোববার দুপুর সোয়া দুইটার দিকে অপারেটর সুমি আক্তার কারখানার দ্বিতীয় তলায় তৈরি পোশাকে আগুন ধরিয়ে দেন। এ সময় কারখানার সব শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন। আগুন জ্বলে উঠার সঙ্গে সঙ্গে এক কর্মকর্তা তা দেখে ফেলেন। এরপর দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নেভাতে সক্ষম হন। পরে ক্লোজ সার্কিট ক্যামেরায় ঘটনাটি দেখে সুমিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।এদিকে আজ সোমবার জাকিরের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁর চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। আর সুমিকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে আগুন লাগানোর কথা স্বীকার করেছেন সুমি। জবানবন্দি শেষে আজ রাতে দুজনকে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহাম্মেদ বলেন, পুলিশের কাছে এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবাবন্দিতে সুমি আগুন ধরানোর কথা স্বীকার করেন। ২০ হাজার টাকার বিনিময়ে জাকিরের কথায় আগুন ধরান বলেও আদালতকে জানান সুমি। এ ছাড়া জাকির তাঁর স্বামীকে হত্যার হুমকি দেন বলেও জানান সুমি। তবে জাকির এসব অভিযোগ অস্বীকার করেছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম বলেন, ডেবনয়ারে আগুন দেওয়ার ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। এটা কোন নাশকতার আলামত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে তাজরীন ফ্যাশনে আগুন লাগার ঘটনার কোন যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হবে।