আশুলিয়ার দুই পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, সংঘর্ষে আহত ১৫
শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে সাভারের আশুলিয়ার দুটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এর জের ধরে জামগড়ার সেতারা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। আর নিশ্চিন্তপুর এলাকার এজে গার্মেন্টস লিমিটেডে বহিরাগত সন্ত্রাসী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১৫ শ্রমিক আহত হয়েছেন। পরে কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করে। আশুলিয়া থানার পুলিশ ও সেতারা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা জানান, গত বৃহস্পতিবার ওই পোশাক কারখানার এক অপারেটরকে চাকরিচ্যুত করা হয়। আজ কর্মস্থলে এসে কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিক এর প্রতিবাদ করেন এবং তাঁদের সহকর্মীকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। কর্তৃপক্ষ এতে অপারগতা প্রকাশ করলে সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা একযোগে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতরে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর কর্তৃপক্ষ কারখানা থেকে পুলিশ বের করে দিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেয়। অপরদিকে পুলিশ ও এজে গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে কাজ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে কারখানার কাটিং ব্যবস্থাপক বিপ্লব ও সুপারভাইজার রুবেল উত্তেজিত হয়ে মিজানুর রহমান ও নাছরিন নামে দুই অপারেটরকে লাঞ্ছিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক ওই দিন কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে মালিক পক্ষের সঙ্গে সন্তোষজনক আলোচনা শেষে শ্রমিকেরা বাড়ি চলে যান। আজ শনিবার সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে এসে কাজে যোগ দিলেও কাটিং বিভাগের প্রায় ১০০ শ্রমিক কাটিং ব্যবস্থাপক বিপ্লবের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করতে থাকেন। সকাল ১০টার দিকে কাটিং বিভাগের শ্রমিকেরা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে অন্যান্য বিভাগে কর্মরত শ্রমিকদের ওপর হামলা চালান। এ সময় বেশ কিছু বহিরাগত সন্ত্রাসীও কাটিং বিভাগের শ্রমিকদের সঙ্গে হামলায় অংশ নেয়। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ১৫ জন শ্রমিক আহত হন। পরে কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করে দিলে শ্রমিকেরা চলে যান। এ ব্যাপারে কথা বলার জন্য কারখানা দুটিতে গিয়ে নিরাপত্তা কর্মীদের বাধার কারণে ভেতরে ঢুকতে না পেরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।