আশুলিয়ার পরিস্থিতি শান্ত
টানা দুই দিনের সহিংসতার পর আজ সোমবার আশুলিয়ার পরিস্থিতি শান্ত রয়েছে। সহিংসতার পরিপ্রেক্ষিতে বন্ধ করে দেওয়া সব পোশাক কারখানা নিয়মিত সময়সূচি অনুযায়ী আজ সকালে খুলে দেওয়া হয়েছে। শ্রমিকেরা সবাই কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এদিকে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান দ্যাটস ইট প্যাকেজিং লিমিটেডের ভান্ডাররক্ষক সালমানও আজ কাজে যোগ দিয়েছেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন। শ্রমিকদের দাবির মুখে গতকাল সালমানকে তাঁর কর্মস্থলে উপস্থিত করা হলেও তিনি আসল না নকল সালমান—এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তাঁকে ঘিরেই গত শনি ও রোববার উত্তাল ছিল রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার শিল্পাঞ্চল।সহকর্মীকে মেরে ফেলার গুজবে গত শনিবার বিক্ষুব্ধ শ্রমিকেরা আশুলিয়ায় অন্তত ৫০টি পোশাক কারখানায় ধ্বংসযজ্ঞ চালান। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া এলাকা অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ, পথচারী, পোশাকশ্রমিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ সময় বাসের চাপায় এক নারীশ্রমিক মারা যান। ঘটনার পর আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার তিন শতাধিক কারখানা তাত্ক্ষণিক বন্ধ ঘোষণা করা হয়।শনিবারের ঘটনা জের ধরে গতকালও শ্রমিকেরা অন্তত ৩০টি কারখানা ও শতাধিক যানবাহন ভাঙচুর করেন। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন শতাধিক শ্রমিক।