আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ
ঢাকার অদূরে আশুলিয়ায় আজ শনিবার বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আজ সকাল আটটার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন অনন্ত গার্মেন্টসের শ্রমিকেরা। সকাল নয়টার দিকে কারখানা-সংলগ্ন আবদুল্লাহপুর বাইপাইল সড়কে নামেন তাঁরা। এ সময় শিল্প পুলিশসহ আশুলিয়া থানার পুলিশ ধাওয়া করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।ওই কারখানা থেকে চার কিলোমিটার দূরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় মাহবুব অ্যাপারেলস নামে আরও একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। সোয়েটার প্রতি পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সকাল আটটা থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন তাঁরা। দুপুর ১২টার দিকে কারখানায় আজকের মতো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বের হয়ে যান। শিল্প পুলিশ আশুলিয়া জোনের সহকারী উপপরিচালক আবদুল বাতেন জানান, শ্রমিক, মালিক ও পুলিশের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ার পর শ্রমিকেরা চলে যান। কাল সকাল ১০টায় এই বৈঠক হওয়ার কথা।