আশুলিয়ার সব পোশাক কারখানা আজ খুলছে
চার দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সাভারের আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা আবার খুলছে।গতকাল বুধবার বিকেলে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকের পর শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা কারখানা খুলে দিতে সম্মত হন।সচিবালয়ে এই বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার থেকে সব কারখানা খোলা থাকবে। আমি মালিকদের কারখানা খোলা ও শ্রমিক ভাইবোনদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ মন্ত্রী বলেন, ১০ দিন ধরে পোশাক কারখানায় যে অস্থিরতা চলছে, তাতে কেবল শ্রমিক ও মালিকেরাই নন, দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।আশুলিয়া এলাকায় বিরাজমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য মালিকপক্ষের প্রতি তিনি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের বাসস্থান ও যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা আছে। বছরে তিন থেকে চারবার বাড়িভাড়া বাড়ানো গ্রহণযোগ্য নয়। এসব সমস্যা সমাধানের জন্য সরকারি পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী রেশনিংয়ের নির্দেশনা দিয়েছেন। শিগগিরই কমমূল্যে প্রাথমিকভাবে চাল এবং পরবর্তী পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। বাড়িভাড়া নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগ করা হবে।শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের পক্ষ থেকে শ্রম মন্ত্রণালয়ে যথাযথভাবে কোনো দাবিদাওয়া পাওয়া যায়নি। যদি কোনো যৌক্তিক দাবিদাওয়া পাওয়া যায়, তবে সেটি আলোচনার মাধ্যম্যে সমাধানে সরকার আন্তরিক। তিনি বলেন, যাঁরা ধ্বংসাত্মক কার্যকলাপে অংশ নেবেন, তাঁদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। তবে ইতিমধ্যে যেসব শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, সেগুলো শিগগিরই প্রত্যাহারের ব্যবস্থা করা হবে। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, শ্রমসচিব মিকাইল শিপার, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে বিজিএমইএর সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শ্রমমন্ত্রীর ঘোষণার পর ইতিমধ্যে সব পোশাক কারখানা খোলার জন্য বার্তা দেওয়া হয়েছে। আমরা আশা করি, কাল (আজ) থেকে আশুলিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন শুরু হবে।’এর আগে গতকাল সকালে পোশাকশ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। শ্রম ভবনে চার ঘণ্টা ধরে ওই বৈঠক চলে। বৈঠকে শ্রমিকনেতারা আশুলিয়া এলাকার সব কারখানা খুলে দেওয়া, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পোশাক খাতের প্রায় ৪০টি শ্রমিক সংগঠনের নেতারা এতে অংশ নেন।বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে ১১ জুন থেকে সংঘর্ষ চলার পর গত শনিবার আশুলিয়ার সব কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ ও বিকেএমইএ। এতে আশুলিয়ার ৩৫০টি পোশাক কারখানা বন্ধ হয়ে যায়।