আশুলিয়ার সব পোশাক কারখানা কাল খুলবে
সাভার-আশুলিয়া এলাকার বন্ধ পোশাক কারখানাগুলো কাল বুধবার থেকে আবার চালু হচ্ছে। রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি ও প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা আজ মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন। তাঁরা বলেন, কারখানার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার এতে ব্যর্থ হলে এবং কারখানা ভাঙচুর অব্যাহত থাকলে ভবিষ্যতে সারা দেশের সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হবে।সংবাদ সম্মেলন বিজিএমইএর নেতারা কারখানায় উত্পাদন কার্যক্রম অব্যাহত রাখা ও শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে আছে, যেসব শ্রমিক নেতা শ্রম আইনবহির্ভূত কার্যক্রমের মাধ্যমে পোশাকশিল্পে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন তাঁদের তিন দিনের মধ্যে আইনের হাতে সোপর্দ করা, মজুরি বোর্ডের ঘোষণা না আসা পর্যন্ত ন্যূনতম মজুরি নিয়ে সব ধরনের নিয়মবহির্ভূত চাপ বন্ধ রাখা, পোশাকশিল্পের মালিকদের সম্পর্কে সংবাদপত্রে স্বরাষ্ট্রসচিবের অবমাননাকর বক্তব্য প্রত্যাহার, কোনো বহিঃশক্তি যাতে পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য সংসদে বিল উত্থাপন।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী। এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইয়ের বিদায়ী সভাপতি আনিসুল হক, নবনির্বাচিত সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুনশি ও সাভারের আওয়ামী লীগের সাংসদ মুরাদ জং উপস্থিত ছিলেন।