আশুলিয়ার সেই ইটভাটা বন্ধ, মালিকদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের পায়ে শেকল বেঁধে ঘরে তালাবদ্ধ অবস্থায় নির্যাতনের ঘটনায় ঢাকার আশুলিয়ার সেই ইটভাটাটি গতকাল বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাজেয়াপ্ত করা হয়েছে ভাটার পাঁচ লাখ ইট। শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগে ইটভাটার তিন মালিকসহ ১১ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে নির্যাতিত শ্রমিকদের।আশুলিয়া থানার পুলিশ জানায়, যশোরের মনিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের বিল্লাল হোসেন শ্রমিকদের পক্ষে গতকাল থানায় একটি মামলা করেছেন। অবৈধভাবে আটক রেখে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন, আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার বাসিন্দা ও ভাটার মালিক জাহিদুল ইসলাম, হাবেল উদ্দিন ও হযরত আলী; ভাটার ব্যবস্থাপক সুলতান মাহমুদ এবং শ্রমিক হোসেন গাজী, জালাল, বাছেত, সাজেদুল, বাবুল, সুজন ও আবদুল্লাহ। তাঁদের মধ্যে বুধবার রাতেই র‌্যাবের হাতে আটক হন সুলতান মাহমুদ ও হোসেন গাজী। সুলতান মাহমুদ ও হোসেন গাজীকে গতকাল আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। এরপর তাঁদের ঢাকার বিচারিক হাকিম মাসরুর সালেকিনের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। কিন্তু জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ জামিনযোগ্য হওয়ায় জামিন মঞ্জুর করেন আদালত।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম মামলা হওয়ার কথা নিশ্চিত করে জানান, নির্যাতিত শ্রমিকদের জবানবন্দি নেওয়ার জন্য গতকাল বিকেলে তাঁদের ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।এদিকে বুধবার রাতে পাড়াগ্রামের একতা ব্রিকস থেকে নির্যাতিত ৩০ শ্রমিককে উদ্ধারের পর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে ওই ইটভাটায় অভিযান চালান। আদালত ইটভাটাটি বন্ধ করে দিয়ে ভাটার এক লাখ পোড়া ও চার লাখ আধাপোড়া ইট বাজেয়াপ্ত করেন।এদিকে, উদ্ধার করা ওই ৩০ শ্রমিককে বুধবার সারারাত র‌্যাবের হেফাজতে রাখা হয়। গতকাল সকাল পৌনে আটটার দিকে র‌্যাব তাঁদের হস্তান্তর করে আশুলিয়া থানায়। এরপর থেকে শ্রমিকেরা গতকাল বিকেল পর্যন্ত বসে ছিলেন থানা ভবনের সামনে।শ্রমিক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আইড়মাড়া গ্রামের এরশাদ, জুলহাস ও আলাউদ্দিন জানান, র‌্যাবের অভিযানের আগে তাঁদের রাতের খাবার না দিয়েই দুটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। উদ্ধার অভিযানের পর থেকে গতকাল সকাল পৌনে আটটা পর্যন্ত তাঁদের কোনো খাবার দেওয়া হয়নি। টাকা না থাকায় তাঁরা কোনো খাবার কিনেও খেতে পারেননি। পুলিশ হেফাজতে দেওয়ার পর আশুলিয়া থানা থেকে গতকাল সকালে একটি করে রুটি ও একটি করে কলা খেতে দেওয়া হয়। এরপর বিকেল পর্যন্ত তাঁরা অনাহারেই ছিলেন। শ্রমিকেরা জানান, উদ্ধারের পর ছেড়ে দিলেই বরং ভালো হতো। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে তাঁদের কষ্ট আরও বাড়ল।