আশুলিয়ায় আবার আগুন, আহত ১
সাভারের আশুলিয়ায় আবার একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুলিয়ায় পোশাক কারখানা গিলড্যান সিফইল বাংলাদেশের রক্ষণাবেক্ষণ কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে অগ্নিনির্বাপক বাহিনী সেখানে যায়। রাত আটটার দিকে তারা আগুন নেভায়। ওই পোশাক কারখানার প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে জানান, অগ্নিকাণ্ডে কেউ নিহত হয়নি। তবে আগুনে ওই কক্ষের সব মালপত্র পুড়ে গেছে। কক্ষের একটি জানালা ভাঙা ছিল বলেও জানান তিনি। অগ্নিকাণ্ডে একজন বৈদ্যুতিক কর্মী আহত হয়েছেন। ওই পোশাক কারখানার মূল ভবনের পেছনে রক্ষণাবেক্ষণ কক্ষটি অবস্থিত। আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন। গত শনিবার সন্ধ্যায় আগুন লাগে আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে। ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসাবে ১১১ জনের প্রাণহানি হয়। এরপর গতকাল সোমবার দক্ষিণখানে সোয়ান গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটে; এতে একজন আহত হন।