আশুলিয়ায় কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষ ও ব্যাপক বিক্ষোভের মুখে সাভার-আশুলিয়া এলাকার বন্ধ পোশাক কারখানাগুলো আজ বুধবার সকাল থেকে আবার খুলে দেওয়া হয়েছে। সকাল আটটা থেকে শ্রমিকেরা কাজ শুরু করেন। গত কয়েক দিনের উত্তাল পরিস্থিতির বিপরীতে আজ সেখানকার পরিস্থিতি ছিল একেবারেই স্বাভাবিক। কোথাও কোনো ধরনের গোলযোগ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এদিকে গতকাল রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আহামেদ সঞ্জুর মোর্শেদ নিজে বাদী হয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা করেন। মামলায় ৬০ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।শ্রমিক অসন্তোষের জের ধরে গত সোমবার গভীর রাতে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আশুলিয়ার সব কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। গতকাল মঙ্গলবার শ্রমিকেরা কাজে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন। লক্ষাধিক শ্রমিক সকাল আটটার মধ্যেই রাজপথে নেমে পড়েন। এ সময় দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়। আহত হন অর্ধশতাধিক ব্যক্তি।এমন পরিস্থিতিতে রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএর কার্যালয়ে গতকাল রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এ সময় তাঁরা বলেন, কারখানার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার এতে ব্যর্থ হলে এবং কারখানা ভাঙচুর অব্যাহত থাকলে ভবিষ্যতে সারা দেশের সব কারখানা বন্ধ করে দেওয়া হবে।এদিকে সরকার তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিরসনের জন্য সংশ্লিষ্ট এলাকার চারজন সাংসদকে দায়িত্ব দেয়। সাভারের সাংসদ তৌহিদ জংকে ঢাকার, সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসানকে গাজীপুরের এবং সারাহ বেগম কবরীকে নারায়ণগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। জাহিদ আহসান গাজীপুরের কমিটিতে কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন।এর আগে এ ব্যাপারে সচিবালয়ে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। পোশাক খাতে সরকার কোনো ধরনের অরাজকতা সহ্য করবে না। কেউ অরাজকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পোশাকশিল্পের সমস্যাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকটি জরুরি বৈঠক হয়। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকের প্রতিনিধিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলনের নামে রাস্তা দখল করে গাড়ি ভাঙচুর কিংবা জনগণের সম্পদ নষ্ট করে—এমন ব্যক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার।