আশুলিয়ায় কারখানা বন্ধের সিদ্ধান্ত কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার শিল্প অঞ্চলের সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কারখানাগুলো খুলে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন। একই সঙ্গে পোশাক কারখানাগুলোয় পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রেসিডেন্টসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এর আগে ১৬ জুন ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএ আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বেতন বাড়ানোর দাবিতে এর আগে শ্রমিকেরা বেশ কয়েক দিন ধরে বিক্ষোভ করছিলেন।কারখানাগুলো বন্ধের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট মাহাবুবুর রহমান ইসমাইলসহ তিন শ্রমিক নেতা আজ হাইকোর্টে রিট আবেদনটি করেন। রিটে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএয়ের দুই সভাপতি, শ্রমসচিব, বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, শ্রম অধিদপ্তরের পরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়। সোয়া দুইটার দিকে রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী তানিম হোসেইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।