আশুলিয়ায় কারখানার গুদামে অগ্নিকাণ্ড, আহত ৫
আশুলিয়ার পুটুরিয়ায় একটি কারখানার গুদামে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আগুন লাগে। মন্তাজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান দাবি করেছেন, আগুনে তাঁদের প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। ঢাকা প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) অগ্নিনির্বাপণ স্টেশনের ঊধ্বর্তন কর্মকর্তা আকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, আগুন নেভানোর সময় তাঁদের পাঁচজন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন। তবে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানা তালাবদ্ধ থাকায় কেউ নিহত বা আহত হয়নি। এলাকাবাসী জানায়, রাত দুইটার দিকে আগুন লাগলে মসজিদের মাইকে ঘটনাটি জানানো হয়। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে মুঠোফোনে কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। ঢাকা প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) অগ্নিনির্বাপণ স্টেশনের ঊধ্বর্তন কর্মকর্তা আকতারুজ্জামান আরও জানান, সাভার-ধামরাই এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার অগ্নিনির্বাপণ স্টেশন থেকে ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। আজ ভোর পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে।