আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ
আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় স্কাইলিন গার্মেন্টসে আজ বৃহস্পতিবার আবুল বাশার (২৬) নামের এক শ্রমিকের মৃত্যুর খবরে কারখানার শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।কারখানার শ্রমিকেরা দাবি করছেন, আবুল বাশারকে হত্যা করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, বাশার হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি বরিশাল। বাশারের মৃত্যুর খবরে শ্রমিকেরা কারখানার ভেতর বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা রাস্তায় নেমে আসেন। এ সময় পুলিশ শ্রমিকদের ধাওয়া দিলে তাঁরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। এখনো বিক্ষোভ চলছে।এদিকে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করেছে। বাশারের মৃত্যুর বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, স্কাইলিন গার্মেন্টসে এক শ্রমিক মারা গেছেন। পুলিশ ঘটনা তদন্ত করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।