আশুলিয়ায় চাকরিপ্রার্থী ও পুলিশের সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার জিরানী এলাকায় গতকাল সোমবার সকালে সৈনিক পদে চাকরিপ্রার্থী, পুলিশ ও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীতে সৈনিক পদে খেলোয়াড় কোটায় নিয়োগের জন্য প্রাথমিকভাবে বাছাই করা ২১৪ জন প্রার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য গতকাল সাভারের বিকেএসপিতে ডাকা হয়। এসব চাকরিপ্রার্থী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে অন্তত চার হাজার লোক চাকরির জন্য গতকাল বিকেএসপিতে উপস্থিত হন। সকাল নয়টার দিকে বাছাই করা প্রার্থীদের বিকেএসপির ভেতরে নেওয়া হয়। এতে চাকরিপ্রত্যাশী প্রায় চার হাজার যুবকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল সোয়া ১০টার দিকে বিক্ষুব্ধ ওই যুবকেরা তাঁদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে বিকেএসপির সামনে নবীনগর-কালিয়াকৈর সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী পুলিশ ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক থেকে যুবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও বিকেএসপির নিরাপত্তাকর্মীদের সঙ্গে চাকরিপ্রার্থীদের সংঘর্ষ বেধে যায়। চাকরিপ্রার্থীরা সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানসহ অন্তত ১২টি যানবাহন ভাঙচুর করেন। আশুলিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।চাকরিপ্রার্থী মোস্তফা কামাল, সালাউদ্দিন, আবদুর রবসহ অনেকেই অভিযোগ করেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে তাঁরা নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কষ্ট করে বিকেএসপির সামনে উপস্থিত হয়েছেন। কিন্তু তাঁদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।এ ব্যাপারে নিয়োগ কমিটির সদস্য সাভার সেনানিবাসের করপোরাল মাইনউদ্দিন জানান, গত মাসে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, সাঁতার, হকি, বক্সিং, জুডো, কারাতে, ভারোত্তোলন, শ্যুটিং, তায়কোয়ানডো ও কাবাডিতে পারদর্শী ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়। সে অনুযায়ী বিভিন্ন সেনানিবাস ও সেনা স্টেডিয়ামে উপস্থিত আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২১৪ জনকে বাছাই করা হয়। চূড়ান্ত পরীক্ষার জন্য তাঁদেরই গতকাল বিকেএসপিতে ডাকা হয়। তিনি বলেন, প্রকাশিত বিজ্ঞপ্তির কোথাও গতকাল খেলোয়াড় কোটায় সৈনিক নিয়োগের কথা বলা হয়নি। বিষয়টি না বুঝেই কয়েক হাজার যুবক চাকরির জন্য সেখানে উপস্থিত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।