আশুলিয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ঢাকার সাভারের আশুলিয়া থানা ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা নিয়ে আজ শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলা ছাত্রদলের নেতারা মোহন হোসেনকে আহ্বায়ক করে আশুলিয়া থানা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন। এর প্রতিবাদে সাভার উপজেলা ছাত্রদলের অধিকাংশ নেতা-কর্মী আজ আবদুল মালেককে সভাপতি করে পাল্টা কমিটি ঘোষণা করেন।আজ রাত পৌনে আটটার দিকে মোহনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকা থেকে একটি আনন্দমিছিল বের করেন। খবর পেয়ে মালেকের নেতৃত্বে পল্লি বিদ্যুত্ এলাকা থেকে পাল্টা আনন্দমিছিল বের করা হয়। রাত সোয়া আটটার দিকে মিছিল দুটি পল্লি বিদ্যুত্ এলাকায় মুখোমুখি হলে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে মোহনের সমর্থক খায়রুল আলমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। সাভার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আয়ুব খান বলেন, মোহনকে আহ্বায়ক করে আশুলিয়া থানা ছাত্রদলের একটি পকেট কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে ছাত্রদলের ত্যাগী নেতা-কর্মীরা একজোট হয়ে পাল্টা কমিটি ঘোষণা করেন। এ নিয়ে সংঘর্ষ হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়েছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।’