আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র এলাকায় গতকাল সোমবার রাতে ঝুট ব্যবসার দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহতের নাম রফিকুল ইসলাম (২৫)। জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে জাকির হোসেন ও নজরুল ইসলামের লোকজনের মধ্যে গুলিবিনিময় হয়। এতে রফিকুল ইসলাম ও বিপ্লব গুলিবিদ্ধ হন। তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সকেরা রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুলের বাড়ি যশোরে। তিনি সাভারের নবীনগরে বিকাশ পরিবহনের কাউন্টারের ক্যাশিয়ার ছিলেন।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ জানান, বিবদমান দুই পক্ষই স্থানীয় ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেনের আত্মীয়। নিহত রফিকুল ইসলামসহ মারামারিতে অংশ নেওয়া অধিকাংশই দুই পক্ষের ভাড়াটে গুন্ডা বাহিনী। এ ব্যাপারে এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।