আশুলিয়ায় ট্রাকের চাপায় শ্রমিক নিহত, ৪০টি কারখানায় ছুটি
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বর্ধিত অংশের মূল ফটকের সামনে আজ মঙ্গলবার সফটেক্স সোয়েটার কারখানার এক শ্রমিক নিহত হন।ওই ঘটনার জের ধরে ডিইপিজেডের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়। এ ঘটনার জের ধরে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।নিহত শ্রমিকের নাম ইব্রাহিম (২৭)। তিনি সফটেক্স সোয়েটারের নিটিং অপারেটর ছিলেন। তিনি বরিশালের বানারিপাড়া উপজেলার কচুয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।আশুলিয়া থানা পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ইব্রাহিম দুপুরের খাবার খেয়ে সাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন। বেলা সোয়া একটার দিকে তিনি ডিইপিজেডের বর্ধিত অংশের মূল ফটকের সামনে পৌঁছালে একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ট্রাকটি তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।ইব্রাহিম মারা যাওয়ার পর সেখানে উপস্থিত শ্রমিকেরা ঘটনাস্থল থেকে তাঁর লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই এলাকায় কর্তব্যরত ডিইপিজেডের আনসার সদস্যরা লাশ নিতে বাধা দেন।এ খবর সফটেক্স সোয়েটার কারখানায় ছড়িয়ে পড়লে কয়েক শ শ্রমিক কারখানা থেকে বের হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিকেল তিনটার দিকে শ্রমিকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে নবীনগর-কালিয়াকৈর সড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।এদিকে ডিইপিজেড এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে বর্ধিত অংশের ৪০টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকের চালক আবু তালেবসহ ট্রাকটি আটক করেছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো ডিইপিজেড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।