শিল্প-কারখানাসহ বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ
আশুলিয়ায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে আগুন
ঢাকার আশুলিয়া থানার চক্রবর্ত্তী এলাকায় নির্মাণাধীন একটি সেতুর পাইলিংয়ের কাজ করার সময় বুধবার রাতে তিতাস গ্যাসের উচ্চ চাপের একটি সঞ্চালন লাইন ফেটে আগুন ধরে যায়। প্রায় সাত ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।সঞ্চালন লাইনে আগুন লাগার কারণে বুধবার রাত থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ (ডিইপিজেড) নবীনগর-কালিয়াকৈর সড়কের উভয় পাশের কয়েক শ কারখানা, বসতবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিইপিজেড শাখার জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, পাইপ ফেটে গ্যাস বের হওয়ার পর সেখানে ঝালাইয়ের কাজ করার কারণেই আগুনের সূত্রপাত হয়। তবে তিতাস গ্যাস ও সওজ কর্তৃপক্ষ বলছে, পাইপ ফেটে যাওয়ার পর প্রচণ্ড বেগে গ্যাস বের হওয়ার সময় আগুন ধরে যায়।মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, নবীনগর-কালিয়াকৈর সড়ককে চার লাইনে উন্নীত করার অংশ হিসেবে আশুলিয়ার চক্রবর্ত্তী সেতুর পাশে আরও একটি সেতু নির্মাণের কাজ চলছে। এটি নির্মাণ করছে ‘অনিক ট্রেডিং কর্পোরেশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণাধীন ওই সেতুটির পাইলিংয়ের কাজ করার সময় বুধবার রাত সাড়ে ১২টার দিকে ১৫ ফুট মাটির নিচের তিতাস গ্যাসের একটি সঞ্চালন লাইন ফেটে যায়। ওই ফেটে যাওয়া অংশ দিয়ে গ্যাস বের হওয়ার সময় তাতে আগুন ধরে যায়।অনিক ট্রেডিং কর্পোরেশনের কর্মীরা প্রথম আলোকে বলেন, পাইলিং করার সময় হঠাৎ ফুসফাস শব্দ হয় এবং একটু পরে আগুন ধরে যায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে রাত একটার দিকে ডিইপিজেড এলাকা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে আগুনের লেলিহান শিখা ৫০ থেকে ৬০ ফুট উচ্চতায় ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এতে সম্ভব না হওয়ায় ফাটল স্থানে বালুর বস্তা ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এতেও আগুন নিয়ন্ত্রণ না হওয়ায় পরে বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হলে বিভিন্ন স্থান থেকে সঞ্চালন লাইন বন্ধ করে দেওয়া হয়। এরপর পানি আর বালুর বস্তা ফেলে ধীরে ধীরে গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার অঞ্চলের উপমহাব্যবস্থাপক (বিপণন) এইচ এম আলী আশরাফ জানান, নির্মাণাধীন সেতুর পাইলিং করার সময় উচ্চ চাপের সঞ্চালন লাইন ফেটে প্রচণ্ড বেগে গ্যাস বের হওয়ার সময় আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে লাইনটি বন্ধ করে দেওয়া হয়।আলী আশরাফ জানান, লাইন বন্ধ রাখার কারণে বুধবার রাত থেকে ডিইপিজেডসহ গণকবাড়ী ও জিরানি এলাকার সব শিল্প-কারখানা এবং নবীনগর-কালিয়াকৈর সড়কের উভয় পাশের অধিকাংশ সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। লাইন মেরামতের পর বৃহস্পতিবার রাতে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে বলে তিনি জানান।মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, গ্যাসের পাইপলাইনটি ছিল মাটির ১৫ ফুট নিচে। যে কারণে ঠিকাদারের লোকজন বুঝতে পারেননি, অত নিচে গ্যাসের পাইপলাইন থাকতে পারে। তাই না বুঝে পাইলিং করার সময় পাইপটি ফেটে যায়।