আশুলিয়ায় তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ার পৃথক তিনটি স্থান থেকে দুই দিনে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তিনজনই যুবক বয়সী। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। দুজনের মাথার পেছনে গুলির আঘাত এবং একজনের গলা কাটা ছিল। এ তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় যোগসূত্র রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা চৌধুরী বলেন, আজ সোমবার সকাল আটটার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে ৩৫ বছর বয়সের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার পেছনে গুলির আঘাত ছিল।আশুলিয়া থানার আরেক এসআই জাহিদুর রহমান বলেন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার সামনে থেকে একই বয়সের আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথার পেছনেও গুলির আঘাত রয়েছে।এ ছাড়া একই থানার এসআই শাহীন শাহ পারভেজ জানান, গতকাল রোববার রাতে আশুলিয়ার সিঙ্গুরিয়া এলাকা থেকে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়েছে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, অন্য কোথাও হত্যার পর লাশ তিনটি আশুলিয়া এলাকায় রেখে যাওয়া হতে পারে। তিনটি হত্যার ঘটনা একই যোগসূত্রে গাঁথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।