আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
ঢাকার সাভারের আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের কুমকুমারী গ্রামে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন দুজন। বিক্ষুব্ধ জনতা চারটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সংঘর্ষ এড়াতে গ্রামটিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।আশুলিয়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশুলিয়ার দোসাইদ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য আশুলিয়ার টঙ্গাবাড়ী গ্রামের কামরুল, নাহিদ, রহিম ও বিল্লাল হোসেন দোসাইদে যান। আজ বেলা আড়াইটার দিকে তাঁরা মোটরসাইকেলে করে অনুষ্ঠানস্থলে ঢুকছিলেন। এ সময় বিদ্যালয়ের মাঠে ঢোকার রাস্তা দাঁড়িয়ে ছিলেন কুমকুমারী গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবলীগের নেতা শরিফুল ইসলাম। বারবার হর্ন বাজানোর পরও শরিফুল সরে না দাঁড়ানোয় তাঁকে ধাক্কা মেরে মোটরসাইকেল আরোহীরা মাঠের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে গালি দিলে শরিফুলের সঙ্গে মোটরসাইকেল আরোহীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে স্থানীয় মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করে দেন।পুলিশ ও গ্রামবাসীরা জানায়, এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাতটার দিকে টঙ্গাবাড়ী গ্রামের কামরুল, নাহিদ, রহিম, বিল্লাল হোসেনসহ কয়েকজন সাতটি মোটরসাইকেল নিয়ে কুমকুমারী গ্রামে শরিফুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় শরিফুলকে ঘর থেকে বের করে মারধর করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে টঙ্গাবাড়ী থেকে আসা যুবকদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। একপর্যায়ে টঙ্গাবাড়ী থেকে আসা যুবকদের উদ্দেশে কয়েকটি গুলিও করা হয়। গুলিবর্ষণের পরপরই টঙ্গাবাড়ী থেকে আসা যুবকেরা তিনটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে কুমকুমারী গ্রামের লোকজন চারটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গুলিতে টঙ্গাবাড়ীর নাহিদ ও কামরুল পায়ে গুলিবিদ্ধ হন। মারপিটে আহত হন ওই গ্রামেরই সোনামিয়া, রহিম, বিল্লালসহ আটজন। সংঘর্ষ এড়াতে কুমকুমারী গ্রামে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ কুমকুমারী গ্রামে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, এ নিয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত কেউ থানায় কোনো মামলা করেনি।