আশুলিয়ায় দুটি পোশাক-কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এবং সমান বেতন দাবি করে আজ মঙ্গলবার আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) এবং মুজারমিল এলাকার দুটি পোশাক-কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।আশুলিয়া থানা পুলিশ, ডিইপিজেড কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিইপিজেড এলাকার ‘হোপলন প্যাকেজিং বিডি লিমিটেড’ নামের একটি পোশাক-কারখানার ওয়ার্কার্স অ্যাসোসিয়শনের সভাপতি মোহায়মেনুল ইসলাম ওরফে শুভকে গতকাল সোমবার চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদে আজ মঙ্গলবার ওই কারখানার প্যাকেজিং বিভাগের কয়েক শ শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে ডিইপিজেড কর্তৃপক্ষ কারখানায় গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শ্রমিকেরা তাঁদের কর্মবিরতি অব্যাহত রেখেছেন। ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর বলেন, ওয়ার্কার্স অ্যাসোসিয়শনের সভাপতিকে বারবার সতর্ক করার পরও সংশোধিত না হওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদে আজ কিছুসংখ্যক শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ করে।অন্যদিকে আশুলিয়ার মুজারমিল এলাকার ‘কুশিয়ারা কম্পোজিট লিমিটেড’ নামের একটি পোশাক-কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন।পুলিশ ও শ্রমিকেরা জানান, কারখানাটির এক হাজার শ্রমিকের মধ্যে প্রায় দেড় শ শ্রমিক অনেক দিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে আসছেন। মাস শেষে তাঁরা নিয়মিত শ্রমিকদের চেয়ে বেতন বেশি পান। এর প্রতিবাদে নিয়মিত বেতনভোগী শ্রমিকেরা গতকাল সোমবার কাজ বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন এবং আজ সকালেও নিয়মিত এবং অনিয়মিত শ্রমিকদের সমান বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।